আবদুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নূরানী মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্রী শরিফা খাতুনের হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী বাজারে বাঙ্গাবাড়ী দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে তার সহপাঠী, শিক্ষক, অভিভাবক এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।
শরিফা খাতুন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের যুগিবাড়ী বুড়িতলা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে এবং বাঙ্গাবাড়ী দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্রী। শুক্রবার (৩ মার্চ) বিকেলে তার ফুফুর বাসা একই উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে বেড়াতে এসে বিকেল ৪টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শরিফার নানা আব্দুল করিম শনিবার (৪ এপ্রিল) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গোমস্তাপুর থানা পুলিশ সাধারণ ডায়েরির সূত্র ধরে একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের বাসিন্দা শরিফার আপন দুলাভাই অন্তর আলী (২৫)-কে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
জিজ্ঞাসাবাদে অন্তর আলী স্বীকার করে যে, সে নিজ হাতে শরিফাকে হত্যা করে মকরমপুর নাদেরাদের পার্শ্ববর্তী ধানখেতে লাশ ফেলে রাখে। নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে শরিফার পচনশীল লাশ উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাঙ্গাবাড়ী দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম, বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম, সমাজসেবক আব্দুল গনি মণ্ডল, আনারপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনসহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল।
মানববন্ধনে বক্তারা বলেন, “সারাদেশে শিশুদের ওপর যেভাবে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে, তা সমাজের চূড়ান্ত নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এই অবস্থার পরিবর্তন না হলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে।” বক্তারা আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শরিফা খাতুন হত্যাকাণ্ডে জড়িত তার আপন দুলাভাই অন্তর আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















