গোলাম মোর্তবা শিকদার রিজু:
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কামার, কুমার, নাপিত, জুতা প্রস্তুতকারক, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, নকশিকাঁথা প্রস্তুতকারী, লোকজ শিল্পী ও লোকজ বাদ্যযন্ত্র প্রস্তুতকারীরা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল হাশেম।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ। তিনি অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, গ্রাহকসেবা, উদ্যোক্তা মনোভাব, ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং আত্মউন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০ জন করে মোট তিনটি ইউনিটে ৯০ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিদিন ১ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়া প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রত্যেককে তাদের ব্যবসা ও জীবিকাভিত্তিক কার্যক্রমের সার্বিক উন্নয়নের জন্য ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল হাশেম বলেন, “প্রান্তিক পেশাজীবীরা দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।”
সভাপতির বক্তব্যে এহসানুল হক শিপন বলেন, “দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। প্রশিক্ষণপ্রাপ্তরা আধুনিক জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের পেশাকে আরও লাভজনক ও টেকসই করতে সক্ষম হবেন।”
স্থানীয়ভাবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার সমন্বয়ে প্রান্তিক পেশাজীবীরা নতুন উদ্যমে কাজ করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 




















