জসীম উদ্দীন
একটি গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অভিযোগ থাকলে তার নিষ্পত্তি হবে যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু আদালতে বিচারাধীন কোনো মামলাকে কেন্দ্র করে একই ব্যক্তিকে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপন করে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করা কতটা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয়—সেই প্রশ্ন আজ সামনে আসা প্রয়োজন।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শহিদুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে আলোচনা-সলোচনা ও বদলিজনিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কেবল একজন সরকারি কর্মচারীর পেশাগত জীবনের বিষয় নয়; বরং প্রশাসনিক নিরপেক্ষতা, ব্যক্তিগত মর্যাদা, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং আইনের শাসনের প্রশ্নও সামনে নিয়ে এসেছে।
গত ৩ নভেম্বর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে শহিদুল ইসলামকে হরিপুর উপজেলা থেকে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়। বদলির খবর প্রকাশের পর স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তাঁর পূর্ববর্তী বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে স্থানীয় জনগণের একটি অংশ তাঁর দীর্ঘদিনের কর্মদক্ষতা, সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ এবং দাপ্তরিক কাজে সহযোগিতাপূর্ণ মনোভাবের কথা উল্লেখ করে প্রতিক্রিয়া জানান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মো. শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের অক্টোবর মাসে এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের অক্টোবর মাসে মামলা দায়েরের ঘটনা ঘটে।
পরবর্তীতে মামলার কার্যক্রমের বিষয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হলে আদালত সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তী সময়ে দুদক আপিল করলেও সংশ্লিষ্ট আদালত দুদকের দায়ের করা আপিল খারিজ করে দেন। তবে মামলা দুটি এখনো বিচারিক ও আইনগত প্রক্রিয়ার বিষয়।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ নেই। অভিযোগ আর অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের মৌলিক নীতিও প্রত্যেক ব্যক্তির ন্যায়বিচার এবং আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করে।
অথচ দুঃখজনকভাবে লক্ষ করা যাচ্ছে, আদালতে বিচারাধীন একই বিষয়কে কেন্দ্র করে একজন সরকারি কর্মচারীকে নিয়ে বারবার ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজে সংবাদ, পোস্ট কিংবা নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। একজন সাংবাদিকের সংবাদ প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু সেই অধিকারের সঙ্গে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতার বিষয়টিও সমানভাবে জড়িত।
একই অভিযোগ বারবার সামনে এনে জনমনে কাউকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদা, পারিবারিক জীবন ও পেশাগত ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিষয়টি যখন আদালতে বিচারাধীন, তখন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা ও ভারসাম্য প্রত্যাশিত।
একটি যৌক্তিক প্রশ্নও সামনে আসে—উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন সাধারণ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রকৃত ভিত্তি কী এবং সেসব অভিযোগের সঙ্গে তাঁর দায়িত্ব ও ক্ষমতার সম্পর্ক কতটুকু?
কোনো অভিযোগকে শুধু পদমর্যাদার ভিত্তিতে খাটো করে দেখার সুযোগ নেই। একইভাবে, অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে সামাজিকভাবে হেয় করারও সুযোগ নেই। কোনো দাপ্তরিক বিরোধ, ব্যক্তিগত আক্রোশ কিংবা স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্ব থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কি না, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের একটি অংশের দাবি, শহিদুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ করতেন এবং দাপ্তরিক কাজে সহযোগিতার মনোভাব দেখাতেন। সম্প্রতি উপজেলা প্রশাসনের কর্মচারীদের এক দিনের বেতনের অর্থে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায়। উদ্যোগটি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
তবে কোনো ব্যক্তির ভালো কাজ যেমন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিকল্প প্রমাণ নয়, তেমনি অভিযোগের ভিত্তিতে তাঁর ইতিবাচক অবদান ও মানবিক দিকগুলোও অস্বীকার করা সমীচীন নয়।
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু সংবাদ প্রকাশের নামে একই বিচারাধীন বিষয় বারবার এমনভাবে উপস্থাপন করা, যাতে একজন ব্যক্তি বিচারিক রায়ের আগেই সামাজিকভাবে দোষী সাব্যস্ত হয়ে যান, তা দায়িত্বশীল সাংবাদিকতার চেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—সেটি বিবেচনার দাবি রাখে।
সাংবাদিকতার স্বাধীনতা কারও ব্যক্তিগত সম্মানহানির অবাধ অধিকার নয়। অভিযোগের বিপরীতে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ, আদালতের প্রকৃত আদেশ যাচাই এবং ঘটনার সব পক্ষের অবস্থান তুলে ধরাও পেশাগত দায়িত্বের অংশ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মহোদয়ও অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ লিখিতভাবে উপস্থাপনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক প্রচারণার মাধ্যমে কাউকে মানসিক, সামাজিক ও পেশাগত চাপে রাখার সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়।
আমরা চাই না, কোনো দুর্নীতির অভিযোগ ধামাচাপা পড়ুক। আবার এটিও চাই না, অভিযোগ প্রমাণের আগেই কোনো মানুষ সামাজিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হোক। শহিদুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হোক। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে যদি কোনো উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বা ব্যক্তিগত আক্রোশের প্রমাণ থাকে, সেটিও যথাযথভাবে খতিয়ে দেখা হোক।
একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে, বিচার হবে এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। কিন্তু বিচারাধীন মামলাকে কেন্দ্র করে বারবার একই ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত করে তোলা কোনোভাবেই ন্যায়বিচারের সহায়ক হতে পারে না।
মনে রাখতে হবে, আদালতের রায় দেওয়ার দায়িত্ব আদালতের, সাংবাদিকতার দায়িত্ব সত্য তুলে ধরা, আর প্রশাসনের দায়িত্ব নিরপেক্ষতা ও ন্যায়সংগত সিদ্ধান্ত নিশ্চিত করা।
আমরা চাই, ব্যক্তিগত আক্রোশ নয়—তথ্য ও প্রমাণ কথা বলুক। সামাজিক প্রচারণা নয়—আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। কোনো অপরাধী যেন আইনের ঊর্ধ্বে না থাকে, আবার কোনো নির্দোষ মানুষও যেন উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির শিকার না হন।
সত্যের জয় হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অক্ষুণ্ণ থাকুক।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 




















