বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ (র.)-এর প্রাচীরবেষ্টিত মাজারের গ্রিল কেটে এবং বাঘার দিঘির পূর্ব দিকে কেন্দ্রীয় গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে ভেতরের সমস্ত টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬-১১-২০২৬) দিবাগত রাতের যেকোনো সময়ে চুরির এই ঘটনা ঘটে। বাঘা মাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি খন্দকার আনোয়ারুল ইসলাম এবং গোরস্থান কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। মাজারের দক্ষিণের প্রবেশদ্বারের মূল গেটের গ্রিলে তালা লাগানো ছিল। গোরস্থানের দানবাক্স অরক্ষিত ছিল।
মাজার ও গোরস্থানের দায়িত্বশীল দুই ব্যক্তির সঙ্গে কথা বললে তারা পূর্বের কালেকশন মতে টাকার পরিমাণ প্রায় ১ লাখের বেশি হতে পারে বলে ধারণা করছেন।
মোতওয়াল্লি খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২২ দিন আগে মাজারসহ আরও ৪টি দানবাক্স খুলে গণনা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা পাওয়া গেছে। সেই মতে চুরি যাওয়া টাকার পরিমাণ আনুমানিক ১ লাখের মতো হতে পারে। গোরস্থান কমিটির সূত্র জানায়, গত ১ মাস আগে তালা খুলে টাকা গণনা করে ৭ হাজার টাকা পাওয়া গেছে। সেই গোরস্থানের দানবাক্স থেকে টাকার পরিমাণ ওই রকম হতে পারে। মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘির মাছ পাহারার জন্য ২ জন ও মাজার পাহারা দেওয়ার জন্য ১ জন পাহারা থাকে। মাজার পাহারাদার মুন্টূ আলীর ভাষ্য, মাজারের উত্তর দিকের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে। তিনি দক্ষিণ পাশে মাজারের ভেতরে ছিলেন।
খাদেম সুলতান মাহমুদ জানান, শনিবার (০৭-১১-২০২৬) ভোরে ফজরের নামাজ পড়ে মাজারের গ্রিল লক করে ঘুমিয়ে পড়েন। একই দিন সকাল সাড়ে ৮টার সময় কয়েকজন মুসল্লি মাজার জিয়ারতের জন্য আসেন। তিনি মাজারের দক্ষিণ পাশের মূল গেট খুলে মুসল্লিদের নিয়ে ভেতরে প্রবেশ করলে তিনিসহ মুসল্লিগণ মাজারের পাশে রক্ষিত দানবাক্সের তালা ভাঙা, দরজা খোলা, মাজারের গ্রিলের একপাশে ভাঙা দেখতে পান। তিনি জানান, মাজার বাউন্ডারির ইট দিয়ে উঁচু করা। ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে মাজারে রক্ষিত গ্রিল কেটে ভেতরের সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। মাজার দিঘির পূর্ব পাশের গোরস্থানের দানবাক্সের তালা ভেঙে টাকাগুলো চুরি করে নিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এ বিষয়ে পৃথক দুটি অভিযোগ দিয়েছে। গুরুত্বসহকারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
মাজার কমিটির সহসভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার জানান, চুরির বিষয়টি মাজার কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক স্যারকে জানিয়ে কমিটির সদস্য সচিবকে থানায় অভিযোগ দায়েরসহ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

















