আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের শতবর্ষী একটি সরকারি খাল দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে খাল ভরাট ও দখলে ব্যবহৃত বালু, পাইলিংয়ের বাঁশ ও সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল স্পট নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানের খবর পেয়ে খাল দখলের অভিযোগে অভিযুক্ত সায়েদ মোল্লা বাড়ি থেকে চলে যান। মুঠোফোনে যোগাযোগ করে তাকে ঘটনাস্থলে উপস্থিত হতে বলা হলেও তিনি আসেননি।
পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে খাল ভরাটে ব্যবহৃত বালু, পাইলিংয়ের বাঁশ, সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল স্পট নিলামে তোলা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে দিপু খান নগদ ১০ হাজার টাকায় মালামালগুলো কিনে নেন। পাঁচ দিনের মধ্যে মালামাল সরিয়ে খালটি সম্পূর্ণ দখলমুক্ত করার কথা ইউএনওকে জানান তিনি।
অভিযান শেষে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, ‘খালটি দখলের অভিযোগ পাওয়ার পর সায়েদ মোল্লাকে সতর্ক করে ভরাট করা বালু সরিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য চার দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ১৫ দিন পার হলেও তিনি কোনো মালামাল সরিয়ে নেননি। বরং নতুন করে আরও বালু ফেলে খালটির পুরো অংশ দখলের চেষ্টা করেন।’
তিনি আরও বলেন, ‘নির্দেশনা অমান্য করে খাল দখলের চেষ্টা অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাল ভরাটে ব্যবহৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি সম্পত্তি দখল করে রাখার কোনো সুযোগ নেই।’

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি 





















