ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
পাকা সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটি। সেখানে লাগানো রয়েছে দুইটি সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই নিয়ন্ত্রণ করা হয় রমরমা মাদক ব্যবসা। নজরদারি করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। এভাবেই বছরের পর বছর ধরে চলছে কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজারে ইয়াবা, ট্যাপেন্ডাসহ বিভিন্ন প্রকার মাদকের রমরমা ব্যবসা।
স্থানীয়দের অভিযোগ, যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২) সাংবাদিক পরিচয়ে বিদ্যুতের খুঁটিতে সিসিটিভি লাগিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে তিনি একাধিকবার কারাবরণও করেছেন। কিন্তু প্রতিবারই কারাগার থেকে বেরিয়ে এসে তিনি মাদক ব্যবসায় জড়িয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সোহেল কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিকের ‘বিশেষ প্রতিনিধি’ পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা করছেন। সোহেলের ব্যবহৃত ব্যক্তিগত প্রাইভেট কার ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার লাগানো রয়েছে। নিজ বাড়িতেই তিনি ওই পত্রিকার আঞ্চলিক কার্যালয় খুলেছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে কথিত সাংবাদিক সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু সিসিটিভির মাধ্যমে অভিযানের বিষয়টি বুঝতে পেরে সোহেল সটকে পড়েন। তবে তিনি পালিয়ে গেলেও ৩০০ পিস ইয়াবাসহ তার স্ত্রী স্মৃতি খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির প্রায় এক লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ তথ্য জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোহেল রানা এক সময় কাঠের মিলে শ্রমিকের কাজ করতেন। এরপর মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে বিজ্ঞ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন। ২০১৯ সালে শর্ত সাপেক্ষে সোহেলসহ কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীকে সাধারণ ক্ষমা করে তৎকালীন সরকার। কিন্তু সোহেল সেই সুযোগের অপব্যবহার করে নাম লেখান সাংবাদিকতায়। এবং এর আড়ালে নিজেকে আরও বড় মাদক ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন। সোহেলের বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে কুমারখালী থানা পুলিশ।
দুপুরে সরেজমিনে সোহেলের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির প্রবেশপথের বিদ্যুতের খুঁটিতে তিনি দুটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। আধাপাকা বাড়ির গেট ভেতর থেকে আটকানো। এ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কারো সাড়া পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সোহেলের প্রতিবেশীরা জানান, আগে সোহেল ভাত পেত না। এখন মাদকের ব্যবসা করে বিরাট বড়লোক। ‘সাংবাদিক’ বলে ভয়ে কেউ প্রতিবাদও করে না। প্রশাসনের লোকজন আসে যায় কিন্তু ভুয়া সাংবাদিক সোহেলের ব্যবসা বন্ধ হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় শিক্ষক বলেন, সন্ধ্যার পর থেকে সারারাত মানুষ সোহেলের বাড়িতে আসা-যাওয়া করে। মাদক কেনাবেচা হয়। যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশ ও সমাজ বাঁচাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
সরকারের সাধারণ ক্ষমার অপব্যবহার করে এবং সাংবাদিকের লেবাস ধরে সুকৌশলে মাদকের ব্যবসা চালাচ্ছেন সোহেল উল্লেখ করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, অন্তত আটটি মাদক মামলা আছে সোহেলের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে অবশ্যই এই মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















