ইসমাইল হোসেন বাবু, জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরকে ঘিরে জেলা শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। তাঁকে স্বাগত জানাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সড়ক বিভাজক ও বিভিন্ন স্থাপনায় চলছে ধোয়া-মোছা, রং করা এবং সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি জোরদার করা হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়েও চলছে সফর সফল করার নানা আয়োজন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও সড়ক বিভাজকে নতুন করে রং করা হচ্ছে, কোথাও দেয়াল ও স্থাপনা পরিষ্কার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
এদিকে সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কুষ্টিয়াবাসীর মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে আনুষ্ঠানিক সংবর্ধনার পাশাপাশি জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করার প্রত্যাশাই বেশি গুরুত্ব পাচ্ছে স্থানীয়দের আলোচনায়।
কুষ্টিয়াবাসীর অন্যতম প্রধান দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন ও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী কুষ্টিয়ার জগতি সুগার মিল ও মোহিনী মিলস পুনরায় চালু, শিল্পায়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোও সামনে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে ৩০ নভেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ২ ডিসেম্বর করা হয়। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কুষ্টিয়ায় আসবেন প্রধানমন্ত্রী।
সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সফরকালীন নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজনৈতিকভাবেও প্রস্তুতি শুরু করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। গত ২১ নভেম্বর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে ঘিরে বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর সফল ও প্রাণবন্ত করতে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ ও পথসভার আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণায় কোনো ঘাটতি রাখা হবে না। সাংগঠনিকভাবেও জেলার সব পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে জানতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কুষ্টিয়াবাসীর অন্যতম বড় প্রত্যাশা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই হাসপাতালের কার্যক্রম পুরোপুরি শুরু হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা বিপ্লব আহমেদ বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা। হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে চিকিৎসার জন্য কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষকে অন্যত্র ছুটতে হবে না। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দাবি, দ্রুত হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হোক।
স্থানীয় আরেক বাসিন্দা শাহরিয়ার ইমরান বলেন, কুষ্টিয়ার জগতি সুগার মিল বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হননি, স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। মিলটি পুনরায় চালু করা গেলে আখচাষি, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
জেলার প্রবীণ বাসিন্দা আবু তাহের বলেন, মোহিনী মিলস কুষ্টিয়ার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। একসময় এই মিলকে ঘিরে বহু মানুষের কর্মসংস্থান ছিল। প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবিত করা গেলে ঐতিহ্য রক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাজ্জিদ রহমান বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর নিয়ে তাঁরা আশাবাদী। জেলার উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা ও সময়সীমাভিত্তিক উদ্যোগ দেখতে চান তাঁরা। বিশেষ করে বেকারত্ব দূরীকরণ এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে শহরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তবে কুষ্টিয়াবাসীর প্রত্যাশা, এই সফর যেন কেবল আনুষ্ঠানিকতা কিংবা সাময়িক সৌন্দর্যবর্ধনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং দীর্ঘদিনের উন্নয়ন-সংকট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর সফর কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















