ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় ২০ থেকে ৩০ জন অংশ নিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং পাশের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে রাতে মিন্টু চৌকিদারের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সালিমের অনুসারী ফারুক, আব্দুল ও মুল্লুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল শেখ মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিন্টু চৌকিদার ও সালিমের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















