হুমায়ন আহমেদ:
আলমডাঙ্গার গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তসলিমা খাতুন (৫৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিদ্যালয়, শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গ্যাসজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল প্রায় ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী মো. হুমায়ুন কবীর, একমাত্র পুত্র, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই দাফন সম্পন্ন হবে।
তসলিমা খাতুন ১৯৯৯ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি শেখপাড়া, মোড়ভাঙ্গা ও কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বড় গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।
সহকর্মীরা জানান, তসলিমা খাতুন ছিলেন একজন সৎ, মানবিক ও কর্মনিষ্ঠ শিক্ষিকা। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে সবার কাছে শ্রদ্ধাভাজন করে তুলেছিল।
তাঁর মৃত্যুতে গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চুয়াডাঙ্গার শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 




















