আসাদুর রহমান হাবিব:
দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক আদেশে জানানো হয়, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে নবসৃষ্ট উপজেলাসহ আরও ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে প্রকল্প প্রণয়ন, প্রয়োজনীয় জনবল সৃষ্টি এবং অন্যান্য কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফুলবাড়ীর বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বেডের অভাবে অনেক রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি তুলে ধরা হলেও কার্যকর সমাধান হয়নি।
স্থানীয়দের মতে, শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে এবং দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সংকট দূর হবে।
তবে তারা শুধু শয্যা সংখ্যা বৃদ্ধিতেই সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্যসেবার সামগ্রিক মানোন্নয়নেরও দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার থাকলেও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে রোগীদের জেলা বা অন্য হাসপাতালে পাঠানো হয়। এতে অনেক রোগী ও তাদের স্বজনকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
ফুলবাড়ীবাসীর প্রত্যাশা, শয্যা বৃদ্ধি করার পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে গ্রামীণ জনগণ নিজ উপজেলাতেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতভাবে পেতে পারেন।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 




















