মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে ফেলে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পূর্বে পাইককান্দি নতুন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি নাকি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে গাছ কাটা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ট্রাকচালক নাইম জানান, তিনি দুই থেকে তিনজন যুবককে ব্যাগ থেকে ইলেকট্রিক করাত বের করে সড়কের পাশের একটি গাছ কাটতে দেখেন। পরে তারা দ্রুত মোটরসাইকেলে উঠে পূর্ব দিকে চলে যায়।
খবর পেয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় এবং করিমপুর হাইওয়ে পুলিশের এএসআই টিটুর নেতৃত্বে মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হন। পরে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গাছটি সরিয়ে ফেলেন।
পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। এ ঘটনায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতির প্রস্তুতি হিসেবে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আগামী ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রয়েছে।
অন্যদিকে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানান, ঘটনাটিকে ডাকাতির প্রস্তুতি অথবা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা- উভয় দিক থেকেই বিবেচনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 
























