হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে দুলু মিয়া (৩২) নামে এক ডেলিভারি বয়কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) রাত ১১টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজের নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ডেলিভারি বয় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে দুলু মিয়া বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে হাউসপুর ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং পুলিশের সহযোগিতায় দুলু মিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জয়নাল আবেদীন জানান, দুই দিন আগে ঘটে যাওয়া একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















