মাহবুবুর রহমান সোহেলঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞান অলিম্পিয়াড। প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরের আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। পরীক্ষাকালীন সময়ে অভিভাবকেরা মাঠের বাইরে অবস্থান নেন এবং সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক শিক্ষক।
আয়োজক কমিটি জানায়, গাজীপুর জেলা ও উপজেলার ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত প্রায় তিন হাজার শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেয়। অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
বিজ্ঞান অলিম্পিয়াডের আহ্বায়ক সরোয়ার হোসেন আকুল বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো এলাকার বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া এবং ভবিষ্যতে দেশ-বিদেশের অলিম্পিয়াডের জন্য ধীরে ধীরে প্রস্তুত করা। পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরেই শিক্ষা ও মেধা বিকাশে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস. এম. খালিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের অধ্যাপক শাহজাহান আলী, কালিয়াকৈর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইফতেখারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি 




















