রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার সদর থানার শিবরাম এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। ট্রেনটি দাঁড়ানোর পর কয়েকজন যাত্রী স্টেশনের পাশের দোকানে খাবার কিনতে নামেন। এ সময় ইঞ্জিন ঘোরানোর জন্য যাত্রীবাহী কোচ প্ল্যাটফর্মে রেখে ইঞ্জিনটি ৩ নম্বর রেললাইনের দিকে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মাহদী হাসান মুরাদ।
খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবু সালেহ জানান, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ইঞ্জিন ঘোরানোর সময় ৩ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে (জি আর পি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে নিহত শিক্ষার্থীর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি 




















