ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।
যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে জানা যায়, তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট অতিক্রম করার সময় ঈদের প্যান্ডেলের জন্য গেট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা সেখানে অবস্থানরত এক সংবাদকর্মীকে বিষয়টি জানান। সংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
পোড়াদহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















