ডেস্ক রিপোর্ট: প্রয়াত ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার জীবনের অজানা অধ্যায় ও মাতৃত্বের নানা দিক নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি প্রামাণ্যচিত্র। ‘ডায়ানা আনহার্ড’ নামের এই তিন পর্বের সিরিজে নব্বইয়ের দশকের শুরুতে ধারণ করা ডায়ানার কিছু অপ্রকাশিত অডিও রেকর্ডিং ব্যবহার করা হবে। রাজপরিবারের এই জনপ্রিয় সদস্যের ব্যক্তিগত বন্ধু ও চিকিৎসক জেমস কোলথার্স্টের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে তৈরি এই প্রামাণ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর মৃত্যুর ৩০ বছর পূর্তি উপলক্ষে। প্রামাণ্যচিত্রটির নির্মাতারা প্রচলিত ধারণার বাইরে গিয়ে ডায়ানার নিজের কণ্ঠেই তাঁর জীবনের গল্প তুলে ধরতে চান।
প্রামাণ্যচিত্রটিতে উঠে আসতে পারে ছোট ছেলে প্রিন্স হ্যারি বড় ভাই প্রিন্স উইলিয়ামের ছায়ায় ঢাকা পড়ে যাবেন কি না, তা নিয়ে ডায়ানার গভীর উদ্বেগের বিষয়টি। রাজপরিবারবিষয়ক লেখক ক্রিস্টোফার অ্যান্ডারসন গণমাধ্যমকে জানান, ডায়ানা আশঙ্কা করতেন যে ভবিষ্যতের রাজা হিসেবে উইলিয়ামের বিশেষ দায়িত্ব ও অবস্থান হ্যারিকে নিরাপত্তাহীনতায় ফেলতে পারে। বড় ভাইয়ের সঙ্গে ক্রমাগত তুলনা ও ছায়ার নিচে থাকতে থাকতে হ্যারি যেন ম্লান হয়ে না যান, সে বিষয়ে প্রিন্সেস অব ওয়েলস সবসময় সচেতন ছিলেন। তবে ছোটবেলা থেকেই প্রিন্স উইলিয়াম মায়ের এই উদ্বেগ অনুধাবন করতে পারতেন এবং ভাইয়ের অনুভূতি যাতে না লাগে, সেদিকে খেয়াল রাখতেন।
জীবনীকার অ্যান্ড্রু মর্টনের তথ্য অনুযায়ী, প্রিন্স উইলিয়ামের মাঝে বিচক্ষণতা ও বয়সের তুলনায় অধিক পরিপক্বতা দেখতে পেতেন ডায়ানা। অন্যদিকে, প্রাণবন্ত ও দুষ্টুমিপ্রিয় হ্যারিকে নিয়ে ডায়ানার দুশ্চিন্তা ছিল অন্যরকম, কারণ তিনি জানতেন উইলিয়ামের সঙ্গে তুলনা হ্যারির আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে। তা সত্ত্বেও, দুই ভাইয়ের পারস্পরিক সম্পর্ক নিয়ে ডায়ানার মনে বড় একটি আশা ছিল যে তাঁরা যেকোনো প্রতিকূল পরিস্থিতি একসঙ্গে মিলে মোকাবিলা করবেন। প্রামাণ্যচিত্রটিতে ডায়ানাকে গণমাধ্যমের প্রচলিত বিষণ্ন বা নিয়ন্ত্রিত রূপের বাইরে একজন সাহসী ও আত্মসচেতন নারী হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
এদিকে প্রিন্সেস ডায়ানার দুই ছেলের মধ্যকার বর্তমান দূরত্ব নতুন এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে পুনরায় আলোচনায় এসেছে। ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ দায়িত্ব থেকে সরে গিয়ে হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পর থেকেই দুই ভাইয়ের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। পরবর্তী সময়ে হ্যারির প্রকাশিত স্মৃতিকথা এবং বিভিন্ন সাক্ষাৎকারে রাজপরিবারের সমালোচনা এই দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে রাজপরিবারের ভেতরে দুই ভাইয়ের ভিন্ন অবস্থান এবং তাঁদের নিয়ে ডায়ানার অতীতের স্বপ্ন ও শঙ্কা বর্তমান প্রেক্ষাপটে নতুন মাত্রা লাভ করেছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 






















