এস. এম সালমান কবীর হৃদয়ঃ
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রূপালী বেগমকে একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও গাবতলী মডেল থানার সেকেন্ড অফিসার ইয়াসিন আরাফাত।
পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর গাবতলী মডেল থানায় সুরাইয়া জেরিন রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১০। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগসহ বিস্ফোরক আইনের ধারায় মামলাটি করা হয়। ওই মামলায় রূপালী বেগমকে আসামি করা হয়েছে।
বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মামলাটির বাদী হলেও মামলা দায়েরের সময় তিনি সংসদ সদস্য ছিলেন না।
গ্রেফতারের পর গণমাধ্যমকর্মীদের কাছে রূপালী বেগম দাবি করেন, মামলার বাদী সুরাইয়া জেরিন রনি তাকে একটি এফিডেভিট করে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, পরবর্তী সময়ে সুরাইয়া জেরিন রনির সঙ্গে বিএনপির বিভিন্ন মিছিল, সভা ও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসিন আরাফাত জানান, রূপালী বেগমকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, বাদীর এফিডেভিটের বিষয়টি মামলার পরবর্তী কার্যক্রমে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা রয়েছে। আইন অনুযায়ী, শুধু এফিডেভিটের মাধ্যমে কোনো আসামির নাম স্বয়ংক্রিয়ভাবে মামলা থেকে বাদ পড়ে না। ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায় নির্দিষ্ট কিছু অপরাধ আপসযোগ্য হিসেবে উল্লেখ রয়েছে। তবে কোনো মামলায় আপসের সুযোগ আছে কি না এবং এফিডেভিটের আইনগত প্রভাব কী হবে, তা সংশ্লিষ্ট আইনের বিধান ও আদালতের প্রক্রিয়ার ওপর নির্ভর করে।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, রূপালী বেগম অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাবা তোফাজ্জল হোসেন মহুরী দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
মামলায় উত্থাপিত অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
এস. এম সালমান কবীর হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 



















