রনি আহমেদ রাজুঃ
জেলা জুড়ে ৬২১টি পূজা মণ্ডপে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চারটি উপজেলাজুড়ে আলোকসজ্জা, ঢাকের বাদ্য আর উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছেন সকল ধর্মের মানুষ।
এরই অংশ হিসেবে শ্রীপুর উপজেলায় ১২৬টি পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আলী আহমেদ, সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের এনায়েত, যুবদল নেতা অনিক অপু, কৃষক দলের নেতা অপু শেখ সহ বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তিনি উপজেলার চিলি গাড়ি, সাচিলাপুর, রাধানগর, দুরান নগর, জারিয়া, মধুপুর ও টেঙ্গাখালি সহ একাধিক মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ভক্তরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করেন অনুষ্ঠানস্থল।
আলী আহমেদের বক্তব্যে শৈশব স্মৃতি ও সম্প্রীতির বার্তা। মণ্ডপ উদ্বোধনকালে আলী আহমেদ বলেন, দল-মত নির্বিশেষে সবাই আজ একত্রিত হয়ে এ উৎসবকে মিলনমেলায় পরিণত করেছে। মুসলিম-হিন্দু সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করছে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।
তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় চিত্রা ও নবগঙ্গা নদীর তীরে বসে প্রতিমা বিসর্জন উপভোগ করতাম। আজ সেই পূজা উৎসব যেন আরও বড় পরিসরে, সবাইকে একত্র করে উদযাপিত হচ্ছে যা সত্যিই আনন্দের।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি জানান, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশনায় জনগণকে সঙ্গে নিয়ে জেলা বিএনপি সবসময় মাঠে আছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকবে।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম জানান, প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, মণ্ডপগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে ২৮৫ পুলিশ সদস্য, ৩৮৯২ আনসার, ৪২টি মোবাইল টিম এবং সাদা পোশাকের পুলিশ। এছাড়াও, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।
সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির উৎসব মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কুমুদ রঞ্জন ও সদস্য সচিব মিহির কান্তি বিশ্বাস জানান, এবারের দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের অনেকে মনে করছেন, জননেতা আলী আহমেদের উপস্থিতি শুধুমাত্র রাজনৈতিক ছিল না বরং এটি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকী বার্তা। আগামী বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই পাঁচ দিনের শারদীয় মহোৎসব।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 



















