ফিরোজ আলম:
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে ৫ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার-এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান এবং কৃষক প্রতিনিধি গোলাম মোস্তফা বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট বণিক সমিতির কোষাধ্যক্ষ, কেশরহাট প্রগতি সংঘের আহ্বায়ক ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বিশিষ্ট ব্যবসায়ী) ওসমান আলী, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিডি) রিপন আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাকিবুল হাসান, উপজেলা খাদ্য গুদাম (এলএসডি) সুজন মণ্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি অফিসার শাহজাহান আলীসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, চলতি খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও মুগ চাষ সম্প্রসারণে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের মাঝে মানসম্মত বীজের পাশাপাশি ফসলভেদে প্রয়োজনীয় পরিমাণ রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ করা হয়। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেন এবং কৃষি সেবা পেতে কোনো কৃষক যেন ভোগান্তির শিকার না হন—সে লক্ষ্যে মাঠপর্যায়ে ব্লক সুপারভাইজার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করবেন বলে আশ্বাস দেন।
এমপি শফিকুল হক মিলন বলেন, “বর্তমান সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন অধিক ফলন ঘরে তুলতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় মোহনপুর উপজেলার ৫৭০০ জন আউশ চাষীর প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৭০ জন তিল চাষীর প্রত্যেককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৩০ জন মুগ চাষীর প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 
















