শামীম শেখ
রাজবাড়ী জেলায় ২০২৬ সালের সার ডিলার নীতিমালার আলোকে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিএডিসি সার ডিলারদের অনুকূলে ডিসেম্বর মাসের ইউরিয়া সারসহ সকল সার সমবরাদ্দ ও উত্তোলনের ওপর মৌখিক নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এ নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে অভিহিত করে তা প্রত্যাহার ও পূর্বের নিয়মে সার উত্তোলন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনের আয়োজন করেন বিএডিসির রাজবাড়ী জেলা সার ডিলার অ্যাসোসিয়েশন।
এ সময় উপস্থিত ছিলেন বিএডিসি রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল জলিল মন্ডল, হাজী আঃ মালেক বিশ্বাস, সভাপতি জাহিদুল আমিন ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম পান্না, সহ-সভাপতি ফারুক হোসেন, মো. আলম, সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সোহাগ, মহিলা সম্পাদক শামীমা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, কৃষি মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে ২০২৬ সালের ডিসেম্বর মাসে বিএডিসি সার ডিলারদের অনুকূলে ইউরিয়া ও নন-ইউরিয়াসহ সকল সারের সমবরাদ্দ প্রদানের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
সে অনুযায়ী রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গত ১৯ নভেম্বর তারিখে (স্মারক নং-১০৪০) ডিলারদের স্থায়ী জামানত, চুক্তিপত্র সম্পাদন ও নিবন্ধন ফি জমাদানের জন্য চিঠি ইস্যু করা হয়।
কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখলাম কোনো রকম সুনির্দিষ্ট কারণ ছাড়াই গত ২৩ নভেম্বর তারিখ (স্মারক নং-১০৫৩) অনিবার্য কারণ দেখিয়ে পূর্বের সেই কার্যক্রম হঠাৎ স্থগিত করা হলো এবং আমাদের সার উত্তোলনের ওপর মৌখিক নিষেধাজ্ঞা দেয়া হলো।
প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে ডিলাররা যেমন চরম অনিশ্চয়তা ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি ভরা মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যাহত হওয়ার মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে।
আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি সরকারের প্রণীত নীতিমালার সঠিক বাস্তবায়নের স্বার্থে ২৩ নভেম্বরের স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করুন।
একই সাথে দাবি করছি, ১৯ নভেম্বরের চিঠি অনুযায়ী দ্রুত চুক্তিপত্র সম্পাদন এবং সার উত্তোলনের ওপর থেকে মৌখিক নিষেধাজ্ঞা তুলে নিয়ে ডিসেম্বর মাসের বরাদ্দকৃত সকল সার উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করুন।
বক্তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি বর্তমানে কৃষিবান্ধব সরকার ও প্রশাসন আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে দেশের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















