এস কে বাবুল, বিশেষ প্রতিনিধি, মাগুরা থেকে ফিরে।
মাগুরার মহম্মদপুরে ব্যতিক্রমী উদ্যোগ—অসহায়, এতিম, বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন এক তরুণ।
বাইরে থেকে দেখতে আর দশটি সাধারণ সেলুনের মতোই। কাঁচি, চিরুনি, আয়না আর চুল কাটার চেয়ার—সবই আছে। তবে ভেতরে ঢুকতেই চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য। দেয়ালে ঝুলছে কবিতা, ছন্দ, অনুপ্রেরণামূলক বাণী ও নানা সচেতনতামূলক লেখা। এক পাশে সাজানো বই ও পত্রিকা। চুল কাটার অপেক্ষায় থাকা মানুষদের হাতে মোবাইল ফোনের পরিবর্তে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বই। আর এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া শিকদার মোড়ের তরুণ উদ্যোক্তা রাজু আহম্মেদ।
নিজের জীবনের কষ্ট, অবহেলা ও অপমানকে শক্তিতে পরিণত করে তিনি গড়ে তুলেছেন ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’। এটি শুধু চুল কাটার দোকান নয়, বরং জ্ঞানচর্চা, মানবিকতা ও সামাজিক সচেতনতার এক ছোট্ট কেন্দ্র।
ছোটবেলায় মাকে হারানো রাজুর জীবনে শিক্ষার পথ ছিল নানা প্রতিকূলতায় ভরা। পারিবারিক পরিস্থিতির কারণে লেখাপড়া বেশি দূর এগিয়ে নিতে পারেননি। জীবিকার তাগিদে সেলুনের কাজ বেছে নেন। কিন্তু সমাজের একাংশের কাছে এই পেশা যেন সম্মানের নয়। পেশার কারণে নানা সময়ে ছোট হতে হয়েছে তাকে, শুনতে হয়েছে কটূক্তি ও অবজ্ঞার কথা।
রাজুর জীবনে এমনই একটি অপমানজনক ঘটনা গভীর দাগ কাটে। একদিন একটি মজলিসে কোনো বিষয়ে নিজের মতামত বা প্রশ্ন তুলে ধরতে গেলে তাকে বলা হয়, তিনি কী বলবেন, তার কথার মূল্যই বা কী—তিনি তো অশিক্ষিত, নাপিতের কাজ করেন। এমন অপমানজনক মন্তব্য রাজুকে মানসিকভাবে ভেঙে দেয়। তবে সেই কষ্ট থেকেই তিনি নতুন করে ভাবতে শুরু করেন।
রাজুর উপলব্ধি—কোনো মানুষকে তার পেশা কিংবা শিক্ষাগত যোগ্যতা দিয়ে ছোট করা উচিত নয়। কাজ কখনো ছোট নয়; মানুষকে ছোট করে দেখার মানসিকতাই ছোট। সেই ভাবনা থেকেই নিজের সেলুনকে শুধু জীবিকার জায়গা নয়, মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন তিনি।
সেলুনে চুল কাটাতে এসে অনেক গ্রাহককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেউ কেউ অপেক্ষার সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকেন, আবার অনেকে বিরক্ত হয়ে সময় কাটান। রাজু ভাবলেন, এই সময়টুকু যদি বই পড়ার কাজে ব্যবহার করা যায়, তাহলে মানুষ বিনোদনের পাশাপাশি জ্ঞানও অর্জন করতে পারবেন। সেই চিন্তা থেকেই সেলুনে বিভিন্ন ধরনের বই ও পত্রিকা রাখেন তিনি। ইসলামী বই, গল্প, উপন্যাস, কবিতা, শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক বইসহ নানা ধরনের বই রয়েছে তার সংগ্রহে।
তার সেলুনে এখন চুল কাটাতে আসা মানুষ চাইলে অপেক্ষার সময় বই পড়তে পারেন, পত্রিকা দেখতে পারেন, কিংবা অনুপ্রেরণামূলক লেখা পড়ে নতুন কিছু জানতে পারেন। রাজুর এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। সেলুনে আসা গ্রাহক ও এলাকাবাসীর কাছে তার কাজ প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করেন, এমন উদ্যোগ সমাজে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং তরুণদের মোবাইল আসক্তি কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
জ্ঞানচর্চার পাশাপাশি রাজুর মানবিক উদ্যোগও প্রশংসার দাবিদার। তার সেলুনে এতিম শিশুদের বিনামূল্যে চুল কেটে দেওয়া হয়। বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য রয়েছে বিশেষ সুবিধা। মাদ্রাসার হাফেজ ও অসচ্ছল শিশুদের চুল কাটার ক্ষেত্রেও তিনি সহযোগিতা করেন। এমনকি মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজের উদ্যোগে চুল-দাড়ি কেটে দেন। এসব সেবার কথা জানিয়ে সেলুনের দেয়ালে ছোট ছোট ব্যানারও লাগানো রয়েছে।
রাজুর কাছে এসব শুধু দান বা সহায়তা নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধ। তিনি চান, অর্থের অভাবে কিংবা অসহায়ত্বের কারণে কোনো মানুষ যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার সুযোগ থেকে বঞ্চিত না হন।
সরেজমিনে সেলুনে গিয়ে রাজুর সঙ্গে কথা বলে জানা যায়, তার স্বপ্ন আরও বড়। তিনি চান, একদিন এই ছোট্ট বইয়ের সংগ্রহ একটি বড় পাঠাগারে রূপ নেবে। সেখানে থাকবে হাজার হাজার বই। প্রতিদিন বহু মানুষ আসবেন বই পড়তে, জ্ঞান অর্জন করতে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে। তার স্বপ্ন এমন একটি পাঠাগার প্রতিষ্ঠা করা, যেখানে মানুষ শুধু বই পড়তে নয়, জ্ঞান ও মানবিকতার চর্চা করতেও আসবেন।
রাজুর এই স্বপ্ন বাস্তবায়নে সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন। কেউ যদি তার পাশে দাঁড়িয়ে একটি বড় পাঠাগার প্রতিষ্ঠায় সহযোগিতা করেন, তাহলে রাজুর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে। সেই পাঠাগার শুধু রাজুর একার নয়, পুরো এলাকার মানুষের জন্য জ্ঞানচর্চার নতুন দিগন্ত খুলে দিতে পারে।
একজন তরুণের জীবনসংগ্রাম থেকে জন্ম নেওয়া এই উদ্যোগ আমাদের শেখায়—অপমান মানুষকে থামিয়ে দিতে পারে, আবার সেই অপমানই কাউকে সমাজ বদলের অনুপ্রেরণা দিতে পারে। রাজু আহম্মেদ তার সীমিত সামর্থ্যের মধ্যে যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়।
সমাজের সহৃদয় মানুষদের প্রতি আহ্বান: রাজুর স্বপ্নের পাঠাগার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। একটি বই, একটি পাঠাগার কিংবা একটি সহযোগিতা বদলে দিতে পারে বহু মানুষের জীবন। রাজুর স্বপ্ন পূরণ হলে বালিদিয়া শিকদার মোড়ের এই ছোট্ট সেলুন একদিন হয়ে উঠতে পারে জ্ঞানচর্চা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















