মোঃ জসিম উদ্দীন:
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। সরকারের বয়স মাত্র তিন মাস হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জেলার অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য তিনি যুবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 



















