আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরসহ জেলায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকেরা চরম অসন্তুষ্ট। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বাজারে আমনের দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। অন্যদিকে সরকারি ক্রয়কেন্দ্রে এখনো আমন কেনা শুরু না হওয়ায় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি থেকে জেলার মাঠে মাঠে আমন কাটা-মাড়াই শুরু হয়েছে। মাঝে কয়েকদিন বৃষ্টির কারণে কাটা-মাড়াই বন্ধ থাকলেও রোদের তাপ বাড়ায় কৃষকেরা কোমর বেঁধে আমন কেটে-মেড়ে ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। ধানমাড়াই করেই কৃষকরা নতুন ধান বেচতে তুলছেন হাটে। দোকান বাকি ও এনজিও কিংবা ব্যাংক ঋণ শোধের অব্যাহত তাড়ায় অধিকাংশ কৃষক খৈলান থেকেই বস্তায় ভরে ধান নিয়ে ছুটছেন হাটে। কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত দাম। তাঁরা যে যেমন দাম পাচ্ছেন তাতেই বিক্রি করে দিচ্ছেন ধান। বিক্রিবাটা শেষে কোনোভাবেই মেলাতে পারছেন না হিসাব-নিকাশ। শ্রম-ঘামে ফলানো ফসলের দাম না পাওয়ার এই হতাশার চিত্র কৃষকদের বিবর্ণ চেহারায় ফুটে উঠছে। কৃষকরা বলছেন, ধান বেচে আবাদ খরচই উঠছে না। সামনে বোরো আবাদ। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে সেচ খরচ। বীজ-কীটনাশকের দাম চড়া। আর সরকারি দামে কোথাও মিলছে না সার। একই চিত্র গত কয়েক বছর ধরে চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন।
তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষক কামরুল। এক হাজার ৬০ টাকা করে ৫ মন ধান বেচে পান ৫ হাজার ৩০০ টাকা। পাঁচ মন ধানে খাজনা কাটা হয় ১৭০ টাকা। ১৭০ টাকা…
তানোরের সীমান্তবর্তী চৌবাড়িয়া হাটে সাত মন আটাশ ধান বিক্রি করেন কলমা ইউনিয়নের (ইউপি) বটতলা গ্রামের কৃষক শরিফ উদ্দিন। এক হাজার ৫০ টাকা করে সাত মন ধান বেচে পান ৭ হাজার ৩৫০ টাকা। সাত মন ধানে খাজনা কাটা হয় ১৭৫ টাকা। ১৭৫ টাকা খাজনা পরিশোধ ও ২৫০ টাকা পরিবহন খরচ মিটিয়ে কৃষক শরিফ হাতে পান ৬ হাজার ৯২৫ টাকা। কৃষক শরিফ আরও জানান, পৈতৃক সূত্রে পাওয়া তাঁর ১২ বিঘা জমি আছে। খরচ বাড়ায় ৬ বিঘাতে বিআর-আটাশ ধান করেছিলেন। বৃষ্টির আগেই ৩ বিঘা ধান কেটে তুলেছিলেন। এবার বিঘাতে ফলন পেয়েছেন ১৮ মন করে। আমন করতে বিঘাপ্রতি খরচ হয়েছিল ২১ হাজার টাকা করে। চলতি বাজারে ১৮ মন ধান বিক্রি করলে তিনি পাবেন ১৮ হাজার ৯০০ টাকা। বিঘাতে লোকসান ২ হাজার ১০০ টাকা। আক্ষেপ করে শরিফ বলছিলেন, আমনে দুই হাজার করে লোকসান খেলাম। বোরো করবেন কি না সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ বোরোতে খরচ আরও বেশি।
গোদাগাড়ীর পানিহার গ্রামের কৃষক ডেভিড মুরমু জানান, রাজশাহীর বরেন্দ্রভূমির লালমাটির জমিতে আগে কোনো ফসলই হতো না পানির অভাবে। এখন গভীর নলকূপ থেকে সেচ পাওয়ার ফলে এবারও তিনি সাত বিঘা জমিতে আমন করেন। সাত বিঘার মধ্যে তিন বিঘাতে সেচ কম লাগে। সাত বিঘা আমন করতে তাঁর খরচ হয় প্রতি বিঘায় ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা। গত সপ্তাহে ধান ঘরে তুলেছেন। এনজিও থেকে ৫৫ হাজার টাকা ঋণ করেছিলেন। ঋণ শোধে ধান বেচতে চান, কিন্তু হাজার টাকার ওপর দাম নেই।
মোহনপুর উপজেলার কেশরহাট ধান কেনা-বেচার বড় মোকাম। প্রতিদিনই কৃষকেরা সকাল থেকেই ট্রলি-হ্যারো-ভটভটি বোঝাই করে ধান বেচতে হাজির হন কেশরহাটে। নতুন ধান গড়পড়তা প্রতি মন বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে এক হাজার ৮০ টাকা করে। কামারপাড়া গ্রামের কৃষক হাসিবুল প্রামাণিক বলেন, দুই সপ্তাহ আগেও ধানের দাম কিছুটা বেশি ছিল। এখন সবাই ধান বেচতে হাটে যাচ্ছে। আমদানি বেশি হওয়ায় ফড়িয়া ব্যাপারীরা যে দাম বলছেন, অসহায় কৃষকেরা সেই দামেই বেচে দিচ্ছেন। আসন্ন বোরো আবাদের প্রস্তুতি নিতে কৃষকেরা ধান ঘরে রাখছেন না। কী আর করবেন, ফসল আবাদে এখন তো অনেক খরচ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 























