আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা তারা শুনেছেন। বর্তমানে ৮১ কিলোমিটার খাল খননের কাজ চলছে, যা আগামী জুন মাস নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন, শিবসা নদীর পানির ধারাবাহিকতা ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নতুন করে খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করা হচ্ছে।
শনিবার যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ‘জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এ সভায় চার মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। তিনি নির্দেশ দিয়েছেন, সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করে এ অঞ্চলের মানুষকে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপির সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি।
সভায় কেশবপুর ৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, মণিরামপুর ৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে সেচ প্রকল্পের বিভিন্ন উপযোগীতা তুলে ধরা হয়। তবে স্থানীয়রা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা এবং পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
সভা শেষে ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটারের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন। ব্রিফিং শেষে পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা ভবদহ এলাকা পরিদর্শনে যান।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























