পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে ‘সামস–এনগেজ’ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটস বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম মুন্ডা সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মুন্ডা জনগোষ্ঠীর জন্য জেলে কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও শিশু কার্ড প্রদানসহ তাদের অধ্যুষিত এলাকার রাস্তাঘাট সংস্কার এবং সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য উমা রানী (৪, ৫ ও ৬নং ওয়ার্ড), ইউপি সদস্য মাহতাব উদ্দীন সরদার, শহীদুল ইসলাম ও আবিদ হাসান গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন বনজীবী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শেফালী বেগম, নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় মণ্ডল ও বেণীমাধব মিস্ত্রী এবং সাংবাদিক আল-আমিন হোসেন।
সংলাপে সামসের কমিউনিটি সমন্বয়কারী অলোক কুমার পাল, কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার, হৈমন্তী রানী ও মোমিনুর রহমানসহ গ্রিন ক্লাইমেট অ্যাকশন টিম, ইয়ুথ ক্লাব এবং নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন।
পরিশেষে সভার সভাপতি আব্দুর রউফ গাজী সামসের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে সংলাপের সমাপ্তি ঘোষণা করেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















