আব্দুল হামিদ মিঞা:
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত উপজেলার আড়ানী পৌরসভার ফুলমন নেছা (এফএন) বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান রচনা ও বিচার সংস্কারসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠনের যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। তিনি বলেন, “দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের সরাসরি অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচারব্যবস্থা স্বাধীন থাকবে এবং প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।”
তিনি আরও বলেন, “আজ আমরা সবাইকে জিজ্ঞাসা করতে চাই—আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন? আসুন, আমরা সবাই বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ঐক্যবদ্ধ হই।”
বৈঠকে আরও বক্তব্য রাখেন:
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, উত্তরাঞ্চল সংগঠন ও অঞ্চল তত্ত্বাবধায়ক ইমরান ইমন, রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, এনসিপির জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও বাঘা থানার সদস্য বাদশা আলী।
এছাড়াও সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে এলাকার মুরব্বি, নারী, যুবক, কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 























