আসলাম বেপারী:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা’য় বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে চরভদ্রাসন বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোছাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। অভিযানে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ভেজাল কসমেটিকস উৎপাদন ও বিপণনের দায়ে মেসার্স সিনহা কসমেটিকসকে ৫০ হাজার টাকা এবং ভেজাল পণ্য ও শিশুখাদ্য বিক্রির অপরাধে সিরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাসান স্টোরকে ১ হাজার টাকা, লিটন স্টোরকে ২ হাজার টাকা এবং আমিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর 





















