আব্দুল হামিদ মিঞা:
রোগী কেন ভারতে যাবে? দেশেই সেবা নিশ্চিত করতে হবে। প্রমাণ করতে হবে ভারতের চিকিৎসার চেয়ে বাংলাদেশের চিকিৎসা উন্নত। নিজের ও নয়জন চিকিৎসকের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যকালে আবু সাইদ চাঁদ আরও বলেন, তার নির্বাচনী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাসের মধ্যে চিকিৎসাসেবায় পরিবর্তন আনতে হবে। সরকারি সহায়তার বাইরে প্রয়োজনে অর্থনৈতিক সাহায্যও করবেন।
বৃহস্পতিবার (১৯-০২-২০২৬) দুপুর আড়াই টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদ আরও বলেন, নির্বাচনের আগে যেমন বলেছি, এখনো বলছি—আমার কোনো লোভ-লালসা নেই। ছাত্র-জনতা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি তাদের নিঃস্বার্থ সেবা করতে চাই। এমপি হিসেবে নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আ’লীগের শাহরিয়ার যেভাবে পালিয়ে গেছে, আমি সেভাবে পালিয়ে যেতে চাই না।
তিনি আরও বলেন, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দখলকারীদের আমার কাছে ঠাঁই হবে না। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ইউএনও-ওসির ওপর নির্ভর করে রাজনীতি হবে না। জনগণের কাজ করতে হবে।
বৃহস্পতিবার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও যোগদানকৃত ৯ জন চিকিৎসকের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আশাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
ডা. সৌমিতা ও নিহার চন্দ্র মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা. নওশেন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. চাঁদ সুলতানা, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, ওসি সেরাজুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, শ্রমিক সংগঠনের নেতা জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 




















