ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে দলের ত্যাগী, পরীক্ষিত, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান নেতাকর্মীরা, দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার আহ্বান।
তৃণমূল নেতাকর্মীদের মতে, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেক অভিজ্ঞ ও ত্যাগী নেতা রয়েছেন, যাঁদের নাম বিভিন্ন সময় আলোচনায় এলেও প্রত্যাশিতভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এসব নেতার পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাওয়া অন্য যেসব নেতা এখনো যথাযথ মূল্যায়ন পাননি, তাঁদেরও খুঁজে বের করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত।
তাঁদের ভাষ্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে এসব নেতার সক্রিয় ভূমিকা ছিল। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা, জুলুম ও নির্যাতনের শিকার হয়েও তাঁরা দলের পাশে থেকেছেন। অথচ দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা অনেক পরীক্ষিত নেতা বর্তমানে দলীয় গুরুত্বপূর্ণ অবস্থান থেকে দূরে রয়েছেন। এটি দলের সাংগঠনিক শক্তির জন্য ইতিবাচক নয় বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।
তৃণমূলের নেতারা মনে করেন, অতীতে যারা দলের বাইরে থেকে আওয়ামী লীগঘেঁষা রাজনীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করেছেন, তাঁদের কেউ কেউ বর্তমানে বিএনপির ভেতরে প্রবেশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এ ধরনের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অন্যদিকে, নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে যাঁরা বহিষ্কৃত হয়েছেন, তাঁদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। তাঁদের মতে, বহিষ্কৃত ব্যক্তিরা যদি এখনো দলের নাম ও পরিচয় ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে দলীয় গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তৃণমূল নেতাকর্মীদের আরও অভিমত, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে কার্যকরভাবে মোকাবিলা করতে হলে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আর সে জন্য অভিজ্ঞ, সাহসী, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নীতিনির্ধারণী দায়িত্বে নিয়ে আসা প্রয়োজন।
তাঁরা বলেন, শুধু নতুন নেতৃত্ব তৈরি করলেই হবে না, দীর্ঘদিন ধরে দলের জন্য শ্রম, সময় ও ত্যাগ স্বীকার করা নেতাদেরও যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের দুঃসময়ে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের অবদান ভুলে গেলে সাংগঠনিক ঐক্য দুর্বল হয়ে পড়বে।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী অতীতের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করবেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ও বহিষ্কৃত পরিচয়ে দলের নাম ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবেন।
তাঁদের মতে, ত্যাগীদের মূল্যায়ন, যোগ্য নেতৃত্বের সঠিক দায়িত্ব বণ্টন এবং দলীয় শৃঙ্খলা নিশ্চিত করা গেলে বিএনপি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























