বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় সমস্যা চিহ্নিত করে জনসম্পৃক্ততার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ნის লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদের (এনএনএস) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
সভায় বাউফলের সার্বিক সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, বাউফল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক এবং আরডিএসের পরিচালক আব্দুল খালেক।
সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, বাউফলের সার্বিক সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় মানুষের সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংসদের (এনএনএস) জেলা সমন্বয়কারী নাদিয়া সুলতানা, সংস্থাটির অফিসার সাদিয়া, উপজেলা সমন্বয়কারী নিলুফা ইয়াসমিনসহ উপজেলা লোকাল মোর্চা কমিটির সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীরা বাউফলের সামাজিক সমস্যা সমাধান, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 




















