ফরিদপুর জেলা প্রতিনিধি
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ গমনেচ্ছুদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুরে বিভিন্ন স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং রাইট যশোরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা বিএম মোজাম্মেল হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক ষষ্ঠীপদ রায়, সাংবাদিক বিভাষ দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছকিন উদ্দিন আহমেদ, প্রসেনজিৎ পাল রাইট যশোরের পক্ষে জেলা কোঅর্ডিনেটর হারুনুর রশিদ, আইওএম কর্মকর্তা অমল বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।
সভায় নিরাপদ অভিবাসন, বিদেশ গমনের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন অনুসরণ, বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ এবং অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অভিবাসন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় আইওএমের ‘সিনেমা এরোনা’ কার্যক্রমের বিষয়টিও তুলে ধরা হয়। এ কার্যক্রমের মাধ্যমে অভিবাসনসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকেই সঠিক তথ্যের অভাবে প্রতারণার শিকার হন। অনেকে দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের ঝুঁকি ও হয়রানির মুখে পড়তে হয়। এসব সমস্যা এড়াতে বিদেশ গমনেচ্ছুদের অবশ্যই সরকারি নিয়ম মেনে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যেতে হবে।
তারা আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আগে সংশ্লিষ্ট দেশের আইন, কাজের ধরন, বেতন, চুক্তিপত্র, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করতে হবে।
বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিদেশ গমনেচ্ছু ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে পারস্পরিক যোগাযোগ, তথ্য বিনিময় এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 






















