ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রশাসনের নজরদারির মধ্যেই অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া, গোয়াতলা ও গোবিন্দপুর এলাকায় মাত্র এক কিলোমিটারের মধ্যে তিনটি ইটভাটা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যে দুটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালাচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
অভিযোগ ওঠা ইটভাটাগুলো হলো—আর এইচ ভি ব্রিকস, এম কে বি ব্রিকস ও এ টি ভি ব্রিকস। এর মধ্যে আর এইচ ভি ব্রিকসের মালিক শফিকুল বাসার রতন, এম কে বি ব্রিকসের মালিক অলিউল্লাহ এবং এ টি ভি ব্রিকসের মালিক মো. আনিসুর রহমান আরফান।
স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাই আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়ছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ত্বকের সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে দাবি এলাকাবাসীর।
এলাকাবাসীর আরও অভিযোগ, ইটভাটাগুলোর চিমনি নির্মাণ ও পরিচালনায় প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। খোলা জায়গায় কাঁচা ইট স্তূপ করে রাখা এবং ভাটায় ব্যবহৃত জ্বালানি নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
একই এলাকায় স্বল্প দূরত্বের মধ্যে একাধিক ইটভাটা পরিচালিত হওয়ায় পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এসব ইটভাটা কীভাবে পরিচালিত হচ্ছে? পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার অভিযোগ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না কেন?
স্থানীয়দের দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে ইটভাটাগুলোর বৈধতা, পরিবেশগত ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন যাচাই করতে হবে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইটভাটার মালিক, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।
এখন গোয়াতলাবাসীর প্রশ্ন—প্রশাসনের চোখের সামনে অবৈধ ইটভাটা চললেও বন্ধ হচ্ছে না কেন?

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























