ফরিদপুর জেলা প্রতিনিধি
নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিচার ও সুরক্ষা নিশ্চিত করা এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম। লিখিত বক্তব্যে বলা হয়, নারী-পুরুষের সমতাভিত্তিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭০ সালের ৪ এপ্রিল জননী সাহসিকা কবি সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৫৬ বছর ধরে সংগঠনটি নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের অন্যতম প্রধান ক্ষেত্র। পরিবার, রাস্তাঘাট, গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও অনলাইনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। এসব সহিংসতা নারীর অগ্রগতি ও ক্ষমতায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি এবং সহিংসতার নতুন নতুন মাত্রা যুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি নারী বিদ্বেষ, অবমাননা এবং হুমকির ঘটনা আরও প্রকাশ্য হচ্ছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু নারীদের প্রতি সহিংসতা ও অবমাননার ঘটনা উদ্বেগজনক। নারী বিদ্বেষী সংস্কৃতি ও নারী-পুরুষের অসমতা দূর করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বাল্যবিবাহের কারণে মেয়েশিশুর শিক্ষা থেকে ঝরে পড়া, অল্প বয়সে মাতৃত্ব এবং নানা শারীরিক ও মানসিক জটিলতা দেখা দিচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকারে বিভিন্ন পর্যায়ে আলোচনা, মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবেও নারী ও মেয়েশিশুরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপিকা শিপ্রা রায়।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট জেসমিন কবির, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, কার্যকরী কমিটির সদস্য মনোয়ারা মোর্শেদা চৌধুরী, মঞ্জুয়ারা স্বপ্না প্রমুখ। প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস।
এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 





















