তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে এক গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্কিমভুক্ত কৃষকদের মতামত ব্যতিরেকে কৃষকদের জমি অন্যের কাছে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অপারেটরের অপসারণ এবং স্কিমভুক্ত কৃষকদের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগের দাবিতে কৃষকদের পক্ষে তোফাজ্জুল হোসেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের জশপুর মৌজার ১৩৬ নম্বর দাগে বিএমডিএ’র একটি গভীর নলকূপ রয়েছে। স্থানীয়রা জানান, স্কিমভুক্ত কৃষকদের মতামত উপেক্ষা করে জশপুর গ্রামের এরশেদ আলীর পুত্র ও বিতর্কিত ব্যক্তি খাইরুল ইসলামকে অপারেটর নিয়োগ করা হয়েছে। কৃষকদের অভিযোগ, অপারেটর খাইরুলকে অপসারণ করে কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ না করা হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এদিকে অভিযোগকারী তোফাজ্জল হোসেন (৪২) অভিযোগে উল্লেখ করেন, গভীর নলকূপের আওতাধীন কৃষকদের জমি সম্পর্কে তাদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই অভিযুক্ত ব্যক্তি আলু চাষের জন্য অন্যের কাছে ইজারা দিয়েছেন। এতে স্থানীয় কৃষকরা নিজেদের জমিতে নিজেরা চাষাবাদ করতে চাইলেও বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, কৃষকদের নিজস্ব জমিতে তারা আলু চাষ করতে পারছেন না। অপারেটর অন্যের কাছে জমি টেন্ডার দিয়ে কৃষকদের জমির টাকা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে তিনি কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন।
ভুক্তভোগী কৃষকদের দাবি, তারা নিজেদের জমিতে নিজেরাই আলু চাষ করতে চান। কিন্তু তাদের সম্মতি ছাড়া জমি অন্যের কাছে টেন্ডার দেওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। এ অবস্থায় কৃষকদের স্বার্থ রক্ষা এবং জমিতে নির্বিঘ্নে চাষাবাদের পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা। কারণ অনুমতি ব্যতিরেকে একজনের জমি অন্যজনের কাছে ইজারা দেওয়া দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে অভিযোগকারী তোফাজ্জল হোসেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন এবং কৃষকদের নিজস্ব জমিতে স্বাধীনভাবে চাষাবাদের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি স্কিমের কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী আজমল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে অপারেটর খাইরুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























