আনিসুর রহমান, স্টাফ রিপোর্টার
বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের পুত্র, নাটোর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেছেন, কয়েক দিন ধরে গুরুদাসপুরে অশান্ত পরিবেশ লক্ষ্য করছি। গত ২৫ বছর ধরে এলাকায় বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান আছে। শহীদ মোবিদুল ও বাবু হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। তেমনি ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচারও হয়তো আমরা দেখে যেতে পারব না। কিন্তু হত্যাকারী বারবার রক্তভেজা হাত মুছে ঘুরে বেড়ায়। সুশাসন চাই আমরা, সুশাসন দিতে হবে, এটা আমাদের সংবিধান স্বীকৃত দাবি।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বিকেলে গুরুদাসপুর বাজারস্থ বাগানবাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন ব্যারিস্টার রঞ্জু। এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, আজকে শুধু শাকিলের ইস্যুতে এবং এর সঙ্গে সম্পৃক্ত লজ্জাজনক ইস্যুতে নাটোর জেলা বিএনপির কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আসাদ ভাইয়ের নেতৃত্বে ছয়জন মানুষ সেই প্রতিবাদ করেছি। মানুষকে প্রতিবাদী হতে হবে। প্রতিবাদ যদি না করতে পারেন, তাহলে দেখবেন একে একে নিজেদের অধিকার হারাচ্ছেন।
সম্প্রতি সার ডিলার নিয়োগ নিয়ে রঞ্জু বলেন, সারের ডিলারশিপ বরাদ্দের জন্য যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, তার প্রমাণ পত্রিকাগুলোতে নিয়মিত আসছে। ২০ লাখ থেকে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনে সারের ডিলারশিপ দেওয়া হয়। সেই টাকা র্যালি-মিছিলে খরচ না করে দুই হাজার টাকা করে কৃষকদের বরাদ্দ দেন। এতে আপনাকেও মানুষ মনে রাখবেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুজাউদ্দৌলা সুজন, বড়াইগ্রামের জিয়া পরিষদ সভাপতি জিল্লুর রহমান, ধারাবারিষা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক জার্জিস হোসেন, মশিন্দা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















