জসীমউদ্দীন ইতি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সকাল ৬টার দিকে হরিপুর উপজেলার হরিপুর গ্রামের মতিউর রহমানের খড়ের গাদা ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আগুন লাগানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়।
সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন লিডার জয়নুল আবেদীনের নেতৃত্বে ১০ সদস্যের দল প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপের কারণে প্রায় ১০ হাজার টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের মুহূর্তে প্রশাসনের এমন দ্রুত ও মানবিক সাড়া সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 





















