নিজস্ব প্রতিবেদক: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)-এর একটি প্রতিনিধিদল।
ফাউন্ডেশনের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (TVET) উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়নে বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ড. মো. ফরিদুল ইসলাম।
এ সময় শ্রমবাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
মতবিনিময়ে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি প্রশিক্ষণকে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতের সৌজন্য স্মারক হিসেবে BPSSDF-এর পক্ষ থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়াকে ‘Crest of Honour’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম, সহ সভাপতি এস. আই. মজুমদার ও মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, কোষাধ্যক্ষ মো. আলিউজ্জামান মিনা, নির্বাহী সদস্য মো. নবীন হোসেন পিয়াশ, মোহাম্মদ শাহিনুর ইসলাম মুকুল এবং টিভিইটি বিশেষজ্ঞ ও পরামর্শক মো. মুশলাহ উদ্দিন দিপু।
বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দেশের দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 






















