আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হাবিব। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষক পাবেন ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫৩০ জন কৃষক পাবেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ১৮০ জন কৃষক পাবেন খেসারির বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। বাকি ৪০ জন কৃষক পাবেন ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। তিনি কৃষকদের উন্নত জাতের বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করে অধিক ফসল উৎপাদনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 





















