গোলাম মোর্তবা সিকদার রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় সরকারি খাস জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর প্রায় ২টার দিকে বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নম্বর দাগের জমিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের মালিকানাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তাকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য লিখিত নোটিশ প্রদান করা হয়েছিল। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তিনি তা অপসারণ করেননি। পরে নির্ধারিত সময় অতিক্রম করায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় উপস্থিত ছিলেন বহরপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার, বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে পল্লী বিদ্যুৎ, ওজোপাডিকো এবং বালিয়াকান্দি থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসন জানায়, ২৭ নম্বর দাগে ২০ শতক এবং ২৮ নম্বর দাগে ১০ শতক—সর্বমোট ৩০ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। বাজারমূল্যে উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
গোলাম মোর্তবা সিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 



















