সোহাগ কাজীঃ
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরাসরি মনিটরিংয়ে নেমেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি মাদারীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ ইটেলপুল বাজার পরিদর্শন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্য এদিন সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে বাজারের প্রতিটি গলি ঘুরে দেখেন। তিনি কাঁচাবাজার, মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন মুদি দোকানে গিয়ে পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সরেজমিনে বাজার পরিদর্শন ও নির্দেশনা পরিদর্শনকালে এমপি জাহানদার আলী জাহান সরাসরি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় তিনি বাজার ব্যবস্থাপনায় বেশ কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতি লক্ষ্য করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত তা সমাধানের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন: ”রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। প্রতিটি দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙাতে হবে এবং নির্ধারিত মূল্যেই পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে।”
ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারিঃ ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রমজানকে পুঁজি করে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত দাম হাতিয়ে নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় এবার বাজার পরিস্থিতি শান্ত থাকবে।
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই ঝটিকা অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে দেখা গেছে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 




















