মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধন স্থাপনা। উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় মানুষের মধ্যে নিজ এলাকার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপনাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, মধুখালীবাসীর কথা বিবেচনা করেই ‘আই লাভ মধুখালী’ স্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নিজের এলাকা নিয়ে ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলবে। উপজেলা পরিষদে আসা মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালীকে আরও সুন্দর ও দৃষ্টিনন্দন করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ইউএনও মো. মাসুদুর রহমান যোগদানের পর থেকে উপজেলাটিকে পরিচ্ছন্ন ও নান্দনিক করে গড়ে তোলার চেষ্টা করছেন। ‘আই লাভ মধুখালী’ স্থাপনাটি সেই উদ্যোগের নতুন সংযোজন।
তাদের প্রত্যাশা, নতুন এ স্থাপনাটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে মধুখালীর ইতিবাচক পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 



















