মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা মাদক নির্মূল, এলাকায় ছিঁচকে চুরি, কিশোর-কিশোরী অপরাধ প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় শুধু প্রশাসন নয়—সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন এবং সচেতন সমাজ গঠনে সকলের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুর রহমান। এছাড়াও বক্তব্য দেন মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাইম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ইয়াকুবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গাজনা ইউনিয়ন পরিষদের প্রশাসক কল্লোল, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পলাশ, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূর নবী মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও রওশনা জাহান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে তফসিল অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং কোনো ধরনের গুজব ছড়ানো বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 




















