পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে সরকারি আবাসনের জমি নিয়ে বিরোধের জেরে মারামারি, ভাঙচুর ও হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলার চিকিৎসা-সংক্রান্ত নথিতে ঘটনার তারিখ নিয়ে অসংগতি দেখা দিয়েছে। বিশেষ করে মামলার বাদীপক্ষের সদস্য চায়না বেগমের দাঁত ভাঙার বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসা বিভাগের দেওয়া মতামত এবং নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ও রেফারেল-সংক্রান্ত নথির মধ্যে সময়ের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব চিকিৎসা নথি পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন মামলার আসামিপক্ষের একজন সদস্য। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা, পিরোজপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার আসামিপক্ষের সদস্য মো. আল মামুন (আলমাছ শেখ) এসব অভিযোগ ও বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ২০২৩ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে, তাঁর পরিবারের সদস্য ও চাচাতো ভাইসহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখিত চিকিৎসা সনদ ও অন্যান্য চিকিৎসা-সংক্রান্ত নথির যথার্থতা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। বিশেষ করে দাঁত ভাঙার চিকিৎসা-সংক্রান্ত নথিগুলো পুনরায় যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি। আল মামুন আরও দাবি করেন, মামলায় তাঁর ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবা মো. রবিউল আলম শেখকেও আসামি করা হয়েছে। মামলার সাক্ষীদের অধিকাংশই বাদীপক্ষের আত্মীয় বলে দাবি করে তিনি তাঁদের সাক্ষ্যের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্য তুলে ধরে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৮ মে নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা সরকারি আবাসনের ১০৮ নম্বর ঘরের জমি নিয়ে বাদী বাদশা মোল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিরোধের ঘটনা ঘটে। বাদীর অভিযোগ, ওই দিন সকাল ও বিকেলে কয়েক দফায় তাঁকে এবং তাঁর স্ত্রী চায়না বেগমকে মারধর, নির্মাণাধীন স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর এবং হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১০ মে ২০২৩ তারিখে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে ৩১ জুলাই ২০২৩ তারিখে পুলিশ চারজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৫, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগপত্র দাখিল করে। অন্যদিকে, এজাহারে উল্লেখ করা ১৪৩, ৪৪৮, ৩০৭, ৩৭৯, ৩৮০ ও ৩৫৪ ধারার অভিযোগের পক্ষে তদন্তে প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়েও প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে বলা হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা-সংক্রান্ত নথি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নপত্র অনুযায়ী, বাদশা মোল্লা ও তাঁর স্ত্রী চায়না বেগম ২০২৩ সালের ৮ মে হাসপাতালে চিকিৎসা নেন। চায়না বেগমকে উন্নত চিকিৎসার জন্য ৯ মে বরিশাল অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার কথা প্রত্যয়নপত্রে উল্লেখ রয়েছে। বাদশা মোল্লার নামে ইস্যু করা ইনজুরি সার্টিফিকেটে মুখের বাম পাশে ০.৫ × ৩ সেন্টিমিটার ক্ষত এবং বাম কাঁধে ০.৫ × ০.৫ সেন্টিমিটার কালশিটে দাগের বিবরণ রয়েছে। উভয় আঘাতকে ভোঁতা অস্ত্রের আঘাত এবং সাধারণ প্রকৃতির বলে উল্লেখ করা হয়েছে। তবে নথিটি বাদশা মোল্লার নামে ইস্যু করা হওয়ায় এটিকে চায়না বেগমের আঘাতের চিকিৎসা সনদ হিসেবে বিবেচনার সুযোগ নেই। চায়না বেগমের পৃথক ইনজুরি সার্টিফিকেট ও মূল চিকিৎসা নথি যাচাই করা প্রয়োজন।
মামলার নথিতে সংযুক্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. অনুপম পোদ্দারের স্বাক্ষরিত একটি চিকিৎসা মতামতে বলা হয়েছে, মিসেস চায়না ২০২৩ সালের ১৪ জুন হাসপাতালের দন্ত চিকিৎসা বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। রোগীর দেওয়া তথ্য অনুযায়ী, এর সাত দিন আগে তিনি মুখমণ্ডলে আঘাত পেয়েছিলেন। চিকিৎসকের পর্যবেক্ষণে চায়না বেগমের ওপরের চোয়ালের বাম পাশের প্রথম চর্বণ দাঁতের ওপরের অংশের কিছুটা ভাঙা পাওয়া যায়। এক্স-রে পরীক্ষায় দাঁত ভাঙা ছাড়া অন্য কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে মতামতে উল্লেখ রয়েছে। পরবর্তী সময়ে রুট ক্যানেল চিকিৎসা ও ক্যাপ লাগানোর পরামর্শ দেওয়া হয়। এখানে চিকিৎসা-সংক্রান্ত নথির সময়গত একটি অসংগতি সামনে এসেছে। মামলার অভিযোগ অনুযায়ী, মারধরের ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৮ মে। অথচ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগে চিকিৎসা নেওয়ার তারিখ ১৪ জুন এবং চিকিৎসকের নথিতে রোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তার সাত দিন আগে আঘাত পাওয়ার কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ, নথিতে উল্লেখিত আঘাতের সময় এবং মামলায় বর্ণিত ঘটনার তারিখের মধ্যে প্রায় এক মাসের ব্যবধান রয়েছে। এ অবস্থায় ৮ মে তারিখের ঘটনার সঙ্গে জুন মাসে শনাক্ত দাঁত ভাঙার চিকিৎসাগত সম্পর্ক কীভাবে নির্ধারণ করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে ৯ মে উন্নত চিকিৎসার জন্য রেফার করার কথা থাকলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগে চিকিৎসা নেওয়ার তারিখ ১৪ জুন। মধ্যবর্তী সময়ে চায়না বেগম কোথায়, কখন এবং কী ধরনের চিকিৎসা নিয়েছেন, তা সংশ্লিষ্ট মূল চিকিৎসা নথি পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাদী ও আসামিদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং এ বিষয়ে দেওয়ানি আদালতে মামলাও চলমান ছিল। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং চিকিৎসা-সংক্রান্ত সনদ সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। পুলিশের তদন্তে চারজনের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচটি ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে এজাহারে উল্লিখিত সব অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। মামলার ১৬১ ধারায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী লিপিবদ্ধ একজন সাক্ষীর জবানবন্দিতে উল্লেখ রয়েছে, বাদী তাঁর মেয়ের জামাই এবং চায়না বেগম তাঁর মেয়ে। ওই সাক্ষী জবানবন্দিতে জানান, তিনি ঘটনার সব অংশ সরাসরি দেখেননি; বাদীর ফোনে খবর পেয়ে পরে হাসপাতালে যান এবং তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। ফলে তাঁর সাক্ষ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশ পৃথকভাবে বিবেচনার বিষয় রয়েছে।
মামলার চিকিৎসা-সংক্রান্ত নথিতে তারিখ, রোগীর পরিচয়, আঘাতের বিবরণ এবং চিকিৎসার ধারাবাহিকতা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন আসামিপক্ষের সদস্য আল মামুন। বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মূল বহির্বিভাগের রেজিস্টার, চিকিৎসা গ্রহণের টিকিট, চিকিৎসাপত্র, এক্স-রে প্রতিবেদন এবং চিকিৎসকের স্বাক্ষরিত মূল মতামত পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নথি, ইনজুরি সার্টিফিকেট ও রেফারেল রেজিস্টার মিলিয়ে দেখারও দাবি জানান।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 



















