হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মরাদেহ আটকে রেখে সুদের টাকা আদায়ের এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শোকের মুহূর্তেও টাকা আদায়ের এমন নিষ্ঠুর কাণ্ডে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায়, দামুড়হুদার নতুনপাড়া এলাকার রাজমিস্ত্রী হারুন (৪৫) শনিবার (২০ সেপ্টেম্বর) মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ স্ট্রোকে মারা যান। রোববার (২১ সেপ্টেম্বর) আছরের নামাজের পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। এসময় মরাদেহ গোসল করানোর মুহূর্তে প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, মৃত হারুনের কাছ থেকে তার ১৫ হাজার টাকা সুদ পাওনা রয়েছে। তিনি হুমকি দেন, টাকা না দিলে লাশ দাফন করতে দেওয়া হবে না।
অসহায় পরিবার মরাদেহ পাশে রেখে দীর্ঘক্ষণ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। পরে জনসম্মুখেই বাধ্য হয়ে ১৫ হাজার টাকা পরিশোধ করে মরদেহ দাফনের অনুমতি আদায় করে তারা। টাকা নেওয়ার পর স্থানীয়দের তীব্র ক্ষোভ ও জনরোষের মুখে মর্জিনা খাতুন স্থান ত্যাগ করেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এটিকে মানবতা ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হিসেবে উল্লেখ করছেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















