ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপের্টার
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম জ্যোতি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে এমপি নুসরাত বলেন, ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। হামলার পেছনে আওয়ামী লীগ আছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন তিনি।
তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।
নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি কল আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি কল পান। গত মঙ্গলবার পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির পরেও তার কাছে বেশ কিছু হুমকি এসেছে।
তিনি বলেন, হামলাটি যখন হয় তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।
ঘটনার বিবরণে নুসরাত বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।
বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মূলধারার চ্যানেলে প্রচার হচ্ছে বলে উল্লেখ করেন এই এমপি। তিনি বলেন, এই বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন।
নুসরাত আরও বলেন, এই বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এই বাড়িতেই তাদের সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি। এই বাড়িটিতে বর্তমানে আমার গবাদিপশুর খামার ছিল। আমার আত্মীয়স্বজন ছিল। সেই অসহায় পরিবারটি ছিল, যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।
পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। দৌলতপুর উপজেলাতে কোনো দমকল না থাকার কারণে দমকল আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়ে নুসরাত বলেন, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এই ঘটনার পেছনে রয়েছে। দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছি না। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ইতিপূর্বে মনে হয় না এরকম ঘটনা কখনো ঘটেছে যে বিরোধী দলেরই হোক না কেন, কিন্তু একজন রানিং এমপির বাড়িতে এ রকম মাঝরাতে চারটি পেট্রল বোমা মারা যেতে পারে। ঘটনাটি জুলাই এবং জুলাই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের জন্য একটি চিহ্ন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে এই ঘটনার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।
শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আমি মনে করি খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে। স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নে নুসরাত বলেন, আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।
এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে হঠাৎ করে বিকট শব্দ হয়, পরে তারা গবাদি পশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পান। সেটি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদার বাড়ি। তার পাশেই বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। এতে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সেই বাড়িতে কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও গবাদি পশুগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কয়েকটি ছাগল এবং বেশকিছু মুরগি মারা গেছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 

























