ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার দৌলতপুরে দুই দিন ধরে দুই বন্ধু নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তারা সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় থানায় এক শিশুর বাবা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজ শিশুরা হলো উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের কালু প্রামাণিকের ছেলে মো. শামীন হোসেন (১৩) এবং তার বন্ধু একই এলাকার মনিরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১১)।
লিখিত ডায়েরি সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে শামীন ও তার বন্ধু সাব্বির কাউকে কিছু না জানিয়ে একত্রে বাড়ি থেকে বের হয়। শামীনের পরনে ছিল কালো-হলুদ রঙের ট্রাউজার ও কালো গেঞ্জি। তার গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার, আনুমানিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, স্বাস্থ্য হালকা। অপরদিকে সাব্বির হোসেনের পরনে ছিল নীল রঙের ট্রাউজার ও কপি টাইপের গেঞ্জি। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, আনুমানিক উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি, স্বাস্থ্য স্বাভাবিক এবং বাম পায়ের নলায় পুরাতন মায়ের কালচে দাগ রয়েছে।
তাদের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে মঙ্গলবার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ শামীনের বাবা কালু প্রামাণিক বলেন, “আমার ছেলে আর তার বন্ধু দুই দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে থানায় জিডি করেছি। সবাই মিলে ওদের একটু খুঁজে দেন। ওদের জন্য বাড়ির সবাই খুব চিন্তায় রয়েছে।”
এ তথ্য নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “দুই শিশু বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। তাদের সন্ধান চেয়ে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ শিশুদের উদ্ধারে কাজ করছে।”

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















