আশরাফুজ্জামানঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল হক রুবেল। নির্বাচিত হলে একটি বাসযোগ্য ও সুন্দর পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার জামালপুর গ্রামের টুটলিপাড়া বাসীর সঙ্গে এক উঠান বৈঠকে মিলিত হন তিনি। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি মোঃ মোকছেদ আলী। এতে বক্তব্য রাখেন গোলাম মওলা, মাসুদ রানা কামীম হাজী ও হাসু মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে উপস্থিত নারী, পুরুষ ও যুবকদের উদ্দেশ্যে মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল বলেন, “আমি আপনাদেরই ভাই-ভাতিজা। আপনাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয়েছি। আমার ভালো-মন্দ সবকিছুই আপনারা জানেন। এলাকার দশজন ব্যক্তির মধ্যে ৮ জন যদি আমার সম্পর্কে ভালো মন্তব্য করেন, তবেই আমাকে ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ দেবেন।
আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভোটে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে পলাশবাড়ীকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের নেতা। ভবিষ্যতে দেশ পরিচালনায় আসলে সাধারণ মানুষের ভাগ্যন্নয়নে তিনি বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করবেন।
পরিশেষে পলাশবাড়ী পৌরসভার বিদ্যমান নানা সমস্যা তুলে ধরে ফরিদুল হক রুবেল বলেন, “আয়তনের দিক দিয়ে পলাশবাড়ী অন্যতম বড় একটি পৌরসভা হলেও এটি বর্তমানে নানামুখী সমস্যায় জর্জরিত। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার যে অভাব রয়েছে— জনগণ সুযোগ দিলে সেসব সমস্যা দূর করে একটি বাসযোগ্য ও সুন্দর পৌরসভা উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”
উঠান বৈঠকটি সঞ্চালনা করেন উদয়সাগর গ্রামের বাসিন্দা শাহ আলম সরকার।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
আশরাফুজ্জামান, গাইবান্ধা জেলা প্রতিনিধি 




















