আশরাফুজ্জামানঃ

 

গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল হক রুবেল। নির্বাচিত হলে একটি বাসযোগ্য ও সুন্দর পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

 

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার জামালপুর গ্রামের টুটলিপাড়া বাসীর সঙ্গে এক উঠান বৈঠকে মিলিত হন তিনি। ​উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি মোঃ মোকছেদ আলী। এতে বক্তব্য রাখেন গোলাম মওলা, মাসুদ রানা কামীম হাজী ও হাসু মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

​উঠান বৈঠকে উপস্থিত নারী, পুরুষ ও যুবকদের উদ্দেশ্যে মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল বলেন, “আমি আপনাদেরই ভাই-ভাতিজা। আপনাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয়েছি। আমার ভালো-মন্দ সবকিছুই আপনারা জানেন। এলাকার দশজন ব্যক্তির মধ্যে ৮ জন যদি আমার সম্পর্কে ভালো মন্তব্য করেন, তবেই আমাকে ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ দেবেন।

 

আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভোটে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে পলাশবাড়ীকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

 

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের নেতা। ভবিষ্যতে দেশ পরিচালনায় আসলে সাধারণ মানুষের ভাগ্যন্নয়নে তিনি বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করবেন।

 

​পরিশেষে পলাশবাড়ী পৌরসভার বিদ্যমান নানা সমস্যা তুলে ধরে ফরিদুল হক রুবেল বলেন, “আয়তনের দিক দিয়ে পলাশবাড়ী অন্যতম বড় একটি পৌরসভা হলেও এটি বর্তমানে নানামুখী সমস্যায় জর্জরিত। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার যে অভাব রয়েছে— জনগণ সুযোগ দিলে সেসব সমস্যা দূর করে একটি বাসযোগ্য ও সুন্দর পৌরসভা উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”

 

উঠান বৈঠকটি সঞ্চালনা করেন উদয়সাগর গ্রামের বাসিন্দা শাহ আলম সরকার।