ডেস্ক রিপোর্ট:
সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে এসেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া দুই দিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সার্কিট হাউজ প্রাঙ্গণে উপস্থিত দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তার আগমনে নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
পরে তিনি তার নির্বাচনী এলাকা নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বরিশাল গণপূর্ত জোন, গণপূর্ত সার্কেলসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলায় তার আগমন ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের বিভিন্ন কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় ও অন্যান্য কর্মসূচি শেষে ফেরার পথে চরখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।
আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য।
তার আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ডেস্ক রিপোর্ট 




















