নিজস্ব প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তার এবং নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সালথা উপজেলার খারদিয়া ও বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই সংঘাত চলে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও নির্বাচনে ভোট দেওয়া নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে সংঘর্ষ বাঁধে। এসময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দুই পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল মাহমুদুল হাসানগণমাধ্যমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়ার দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়ে। আমাদের অভিযান অব্যাহত আছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর 





















